Thursday, October 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ, নওগাঁয় মন্দির কমিটির নেতাসহ ছুরিকাঘাতে আহত ২

রাণীনগর উপজেলার ত্রিমোহনী শ্রীশ্রী কালীমাতা মন্দির চত্বরের সামনে এ ঘটনা ঘটে

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পিএম

নওগাঁর রাণীনগরে এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ দুজনকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে রায়হান নামে এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ত্রিমোহনী শ্রীশ্রী কালীমাতা মন্দির চত্বরের সামনে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন ত্রিমোহনী গ্রামের বাসিন্দা ও মন্দির কমিটির সহসভাপতি বিকাশ চন্দ্র সাহা এবং একই গ্রামের অসীম চন্দ্র সাহা। অভিযুক্ত রায়হান নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের বাসিন্দা।

আহত অসীম চন্দ্র সাহার ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে রায়হান মন্দির চত্বরের কাছে এক নারীকে উত্ত্যক্ত করছিলেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রায়হান সেখান থেকে চলে যান।

অসীম চন্দ্র সাহা জানান, কিছুক্ষণ পর রায়হান আবার ফিরে এসে তাদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি পকেট থেকে ধারালো ছুরি বের করে বিকাশ চন্দ্র সাহার উরুতে এবং অসীম চন্দ্র সাহার হাতের তালুতে আঘাত করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডলসহ পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট এলিট ফোর্সের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতেই রাণীনগর থানায় রায়হানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, “ঘটনার পরপরই থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত রায়হান পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।“

   

About

Popular Links

x