Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

থামছেই না হামের মৃত্যুমিছিল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ জনের

চলতি বছর হামে ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২১৪ জনের মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

দেশে হামের প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামে ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২১৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ১০৪ জন, আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১১০ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যে ৭ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একা সিলেট বিভাগেই মারা গেছেন ৩ জন।

একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন রোগী হাসপাতালে এসেছেন। বিভাগভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি ৫৫৮ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫, সিলেটে ৯৪, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৬০, রংপুরে ২৪ এবং রাজশাহীতে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে, যাদের মধ্যে ২৩ হাজার ২৭৩ জনের হাম ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হয়েছে।

   

About

Popular Links

x