Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

শখ করে ঘরে রেখে পুষছিলেন গোখরা, অতঃপর যা হলো...

সাপটি বাড়িতে না রাখতে তার স্ত্রী রিনা আক্তার বারবার নিষেধ করলেও তিনি তা শোনেননি

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখের বশে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষতে গিয়ে নিজেই তার কামড়ের শিকার হয়েছেন ইকবাল হোসেন (৪৫) নামের এক স্থানীয় কাঠমিস্ত্রি। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠমিস্ত্রি ইকবালের পাখি ও বিভিন্ন বন্যপ্রাণী পালনের দীর্ঘদিনের শখ ছিল। এরই অংশ হিসেবে কয়েক মাস আগে বিল থেকে একটি বিষধর গোখরা সাপ ধরে এনে বাড়িতে একটি বাক্সে বন্দি করে পুষছিলেন তিনি। সাপটি বাড়িতে না রাখতে তার স্ত্রী রিনা আক্তার বারবার নিষেধ করলেও তিনি তা শোনেননি; এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো।

ঘটনার দিন বৃহস্পতিবার প্রতিদিনের মতো বাক্সে থাকা সাপটিকে খাবার দিতে যান ইকবাল। এ সময় হঠাৎ করেই সাপটি তার হাতে ছোবল দিয়ে কামড়ে দেয়। দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিন ইসতেহার জানান, রোগীর লক্ষণ দেখে বিষধর সাপের কামড় নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাকে অ্যান্টিভেনম দেওয়া শুরু হয়। রোগীর অবস্থা সংকটাপন্ন থাকায় প্রথম ও দ্বিতীয় ধাপে বেশ কিছু ভায়াল অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছে। তবে ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x