Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

৮ অক্টোবর থেকে শুরু হয়ে মাছ ধরা নিষিদ্ধ থাকবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম

পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। ৮ অক্টোবর শুরু হয়ে মাছ ধরা নিষিদ্ধ থাকবে ২৯ অক্টোবর পর্যন্ত। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতেই এ ব্যবস্থা।

বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ সময় নদীতে ইলিশ ও সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় ডিম ছাড়তে নদীর নির্দিষ্ট এলাকায় আসে মা ইলিশ। নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে পরবর্তী সময়ে ইলিশের উৎপাদন ও প্রাচুর্য বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিষেধাজ্ঞা সফল করতে নদীসংলগ্ন খালের মুখ বন্ধ করার পাশাপাশি অভয়াশ্রম এলাকায় পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা শুরুর আগেই নদী থেকে নৌকা ও জাল তীরে তুলে নিয়েছেন চাঁদপুরের ৫০ হাজারের বেশি জেলে। নদীতে যাওয়ার বদলে তীরে উঠছে মাছ ধরার নৌকা। গুটিয়ে রাখা হচ্ছে জাল। কেউ নৌকা মেরামত করছেন, আবার কেউ জাল শুকিয়ে নিরাপদে সংরক্ষণ করছেন।

নিষেধাজ্ঞার সময়ে চাঁদপুর জেলার নিবন্ধিত ৪১,৩৯০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় বিকল্প আয়ের সুযোগ না থাকায় খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা।

   

About

Popular Links

x