রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত ২২ দিনে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গত ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব ঘটনায় ৫২টি মামলা দায়েরসহ ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুম মুনিরা এসব তথ্য জানান।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহণে আগুনের ঘটনা ঘটেছে।
এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় মোট ৫২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে-কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রবিবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক (অক্টোবর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।



