কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ও গ্রামীণ ব্যাংকে ককটেল নিক্ষেপ

মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল ছুড়লে সেটি বিস্ফোরিত হয়

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

কুষ্টিয়া জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন এবং মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে পৃথক স্থানে এ দুটি হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে অবস্থিত জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রধান সড়ক থেকে বাসভবন লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি জেলা জজের কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অপরদিকে, একই রাতে ২টা ২৫ মিনিটের দিকে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার টিঅ্যান্ডটি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামীণ ব্যাংক ও পুলিশ সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ব্যাংক ভবন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ভবনের দেয়ালে আঘাত করে নিচে পড়ে যায়। অপরটি ভবনের দ্বিতীয় তলায় ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে এবং আগুন ধরে যায়।

পরে ব্যাংক কর্মকর্তারা ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কক্ষের একটি লেপ ও তোশক পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখা ব্যাবস্থাপক রেকনুজ্জামান আমিন বলেন, “দুর্বৃত্তরা ব্যাংক ভবন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ভবনের দেয়ালে আঘাত করে নিচে পড়ে যায়। অপরটি ভবনের দ্বিতীয় তলায় ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে এবং আগুন ধরে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের জানান, গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়া উভয় ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।