গত তিন মাসে সন্ত্রাস দমন, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা অভিযানে খুলনা বিভাগে ৩২ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে খুলনা রেঞ্জ পুলিশ। ২০২৬ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর (২৭ তারিখ পর্যন্ত) মাসে চালানো এসব অভিযানে ১৪৭টি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের তথ্যে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৯ হাজার ৭৫১ জন। তবে পুলিশের তালিকাভুক্ত কোনো শীর্ষ সন্ত্রাসী এর মধ্যে নেই। মাসওয়ারি হিসাবে সেপ্টেম্বরে ১১ হাজার ৮৮০, অক্টোবরে ১০ হাজার ৩২৪ এবং নভেম্বরে ১০ হাজার ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনে এই তিন মাসে ৫২টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ৫৮৯ জন। এ ছাড়া অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতাকারী ও নিষিদ্ধ সংগঠনের ৩ হাজার ৫৩৪ জন সদস্য গ্রেপ্তার হয়েছেন। মাসওয়ারি হিসাবে সেপ্টেম্বরে ১ হাজার ৮৮, অক্টোবরে ১ হাজার ১১ এবং নভেম্বরে ১ হাজার ৪৩৫ জন। পুলিশ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৪০৩টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৭৮৪ জন। এ সময় প্রায় ৮১ হাজার পিস ইয়াবা, প্রায় ২০৩ কেজি গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারে ৪০টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে। উদ্ধার হওয়া ১৪৭টি অস্ত্রের মধ্যে ৩১টি আগ্নেয়াস্ত্র এবং ১১৬টি দেশীয় অস্ত্র। আগ্নেয়াস্ত্রের তালিকায় রয়েছে ৭টি বিদেশি পিস্তল, ৩টি দেশি পিস্তল, ২টি বিদেশি রিভলবার, ৩টি বন্দুক, ১টি পাইপগান ও ১৫টি ওয়ানশুটার গান। তবে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে পুলিশের লুট হওয়া কোনো অস্ত্র নেই।
একই সময়ে চোরাচালানের ৬৭টি মামলায় ২৯ জন এবং অনলাইন জুয়া-সংক্রান্ত ৬৪টি মামলায় ১৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরযান আইনে ৪ হাজার ৩৭৯টি মামলা ও ৫ হাজার ৮৭৯টি প্রসিকিউশন দেওয়া হয়েছে, আদায় করা হয়েছে ৩ কোটি ১৬ হাজার ৯৫০ টাকার বেশি জরিমানা। অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে চলাচলের দায়ে আটক করা হয়েছে ২ হাজার ৭৪৫টি যানবাহন, যার মধ্যে ১ হাজার ৯৬৬টি মোটরসাইকেল।
খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট ও মিডিয়া ফোকালপার্সন) মো. আসিফ ইকবাল বলেন, “জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা রেঞ্জ পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। এসব অর্জনে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস, নাশকতা বা অন্য কোনো অপরাধ সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ জানানোর অনুরোধ জানাই। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।



