রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করতে এর সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ। পাশাপাশি কিছু এলাকায় ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করা ও নিরাপত্তা নির্দেশনা দেওয়া হচ্ছে।
সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পটভূমিতে নেওয়া এই উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট ভবনের মালিক ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে নাশকতা প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণসহ বিভিন্ন নিরাপত্তামূলক দায়িত্ব পালনের অঙ্গীকার করতে হচ্ছে।
কেপিআই নিরাপত্তা নীতিমালা- ২০১৩ অনুসারে সংশ্লিষ্ট থানা-পুলিশ এসব অঙ্গীকারনামা সংগ্রহ করে নিজেদের নথিতে সংরক্ষণ করছে। রাজধানীর মিরপুর, পল্লবী ও মতিঝিল এলাকার মেট্রোরেল লাইনের আশপাশের অন্তত ১০টি ভবনের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকাভেদে পুলিশের পদক্ষেপে কিছুটা ভিন্নতা রয়েছে। মিরপুর ও পল্লবী এলাকায় ভবনমালিকদের মৌখিক সতর্কতা ও নির্দেশনা দেওয়া হলেও মতিঝিল এলাকায় লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। মতিঝিল মেট্রোস্টেশনসংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান কার্যালয় থেকেও এ ধরনের অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, মতিঝিল থানা-পুলিশ তাদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিয়ে নাশকতা প্রতিরোধে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও অভ্যন্তরীণ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।
মিরপুরের শেওড়াপাড়া এলাকার অনামিকা কনকর্ড ভবনের ব্যবস্থাপক রুবেল আকন্দ বলেন, মেট্রোরেল চালুর পর থেকেই কাছাকাছি ভবনগুলোকে পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়। দুই সপ্তাহ আগেও তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তারা ভবনের ছাদে তালা লাগিয়েছেন এবং নিরাপত্তার জন্য একজন কর্মীকে দায়িত্ব দিয়েছেন, তবে কোনো লিখিত অঙ্গীকারনামা দেননি। মিরপুর-১১ মেট্রোস্টেশনের কাছাকাছি একটি ভবনের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদও সম্প্রতি পুলিশের মৌখিক নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, সরকার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব স্থাপনাকে ‘১(ক)’ শ্রেণির কেপিআই হিসেবে ঘোষণা করেছে। কেপিআই নিরাপত্তা নীতিমালা- ২০১৩ অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনার বহিঃনিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের সুউচ্চ ভবন থেকে সরাসরি পর্যবেক্ষণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া এবং সীমানাপ্রাচীর থেকে ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও স্থাপনার নিরাপত্তা ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে।
পুলিশের নেওয়া অঙ্গীকারনামায় যেসব শর্তের কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে রয়েছে-
ভবনের ভেতরে, বারান্দায় কিংবা ছাদে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাষ্ট্রবিরোধী, জননিরাপত্তা বিঘ্নকারী বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, তা মালিক ও ভাড়াটেদের নিশ্চিত করতে হবে। মেট্রোরেল স্থাপনার দিকে ভবন থেকে সরাসরি পর্যবেক্ষণ ও নজরদারি ঠেকাতে প্রয়োজনীয় স্থানে স্ক্রিন বা পর্দা ব্যবহার করতে হবে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে। অফিস চলাকালে এবং বিশেষ করে অফিস সময়ের পর রাতে অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা, কর্মচারী বা বহিরাগত ব্যক্তি ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় যেতে পারবেন না; এ জন্য নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক টহল নিশ্চিত করতে হবে। ভবনের কোনো বাসিন্দা, ভাড়াটে বা নতুন ভাড়া নিতে আসা ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে থানা-পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষকে জানাতে হবে।
ভবনের কোনো অংশ নতুন করে ভাড়া বা হস্তান্তর করা হলে নতুন ব্যবহারকারীকে অঙ্গীকারনামার শর্তগুলো জানানো ও তা মেনে চলা নিশ্চিত করার দায়িত্ব ভবনমালিকের ওপর বর্তাবে।
অঙ্গীকারনামায় আরও উল্লেখ করা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন করা হলে কিংবা সংশ্লিষ্ট ভবনে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলে প্রচলিত আইন ও কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী ভবনমালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে গত ১৮ নভেম্বর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশেও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অগ্নিসংযোগসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কেপিআইভুক্ত স্থাপনা ও সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মূলত মানুষকে সচেতন করতেই মেট্রোরেলের কাছাকাছি ভবন ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকলে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকানো সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।



