পাবনা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় কেউ আহত হননি। পরে মার্কেটের তৃতীয় তলা থেকে এক নারী ও তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা গেছে, সারা দেশের মতো পাবনায়ও নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কার্যক্রমের প্রতিবাদে সন্ধ্যায় জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ সড়ক ধরে শহীদ চত্বর (ট্রাফিক মোড়) প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছালে সেখানে একটি ককটেল ছোড়া হয়।
সাদ্দাম হোসেন অভিযোগ করে জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা সারা দেশে নৈরাজ্য করছে। এর প্রতিবাদে তাদের মিছিল মার্কেটের সামনে এলে ওপর থেকে ককটেল হামলা চালানো হয়। তারা তাৎক্ষণিক বুঝতে পারেন যে ককটেলটি মার্কেটের ওপর থেকেই ছোড়া হয়েছে এবং হামলাকারীরা সেখানেই আছে। এরপর তারা শান্তিপূর্ণভাবে মার্কেটের সামনে অবস্থান নিয়ে প্রশাসনকে খবর দিলে চারজনকে আটক করা হয়। তিনি এই সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন। সাদ্দাম আরও বলেন, “দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে প্রশাসনকে শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানাই।
জেলা ডিবির ওসি আব্দুস সালাম জানান, ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা মার্কেটের গেট আটকে দিয়ে ডিবিকে খবর দেন। পরে মার্কেটের তৃতীয় তলা থেকে সন্দেহভাজন মধ্যবয়সী এক নারী ও তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে বলে জানান তিনি।



