গোপালগঞ্জ এড়িয়ে খুলনাসহ এ অঞ্চলের ১৯টি রুট দিয়ে যশোর, আরিচা পাটুরিয়া হয়ে ঢাকায় পরিবহন চলাচল শুরু হয়েছে রবিবার সকাল থেকে।
রবিবার (২৯ নভেম্বর) পাশাপাশি বিকল্প রুট না থাকায় আন্দোলনের কারণে ১৮টি রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
গোপালগঞ্জ এড়িয়ে যশোর-আরিচা-পাটুরিয়া হয়ে ঢাকামুখি খুলনা, যশোর, বেনাপোল, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, ফরিদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, রাজবাড়ি, ঢাকা যাচ্ছে পরিবহন। আর খুলনা থেকে বাগেরহাট হয়ে পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালীতে বাস চলছে।
টেকেরহাট, মাদারীপুর, শরিয়তপুর, বরিশাল, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, বাগেরহাট থেকে ঢাকায় পরিবহন ঢুকতে পারছে না। গোপালগঞ্জ, মোল্লাহাট ও টেকেরহাটে আন্দোলন চলার কারণে এ রুটগুলো বন্ধ রয়েছে। খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে টেকেরহাট, মাদারীপুর, শরিয়তপুর, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার রুটও বন্ধ।
গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কে সক্রিয় আন্দোলন চলছে। কোথাও গাছের গুঁড়ি ফেলে রেখে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, ২৮ নভেম্বর থেকে দ্বিতীয়বারের মতো আন্দোলনের কারণে বিকেল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে যানবাহন চলাচল বন্ধ করা হয়। ২৯ নভেম্বর থেকে যশোর আরিচা পাটুরিয়ার আগের রুটেই খুলনা, সাতক্ষীরাসহ এ অঞ্চলের সকল পরিবহন চলাচল শুরু হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ১৮ নভেম্বরের ঘটনার পরও গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ হয়েছিল। ১৯ নভেম্বর দুপুরে সিদ্ধান্ত নিয়ে বিকল্প হিসেবে যশোর আরিচা পাটুরিয়া হয়ে ঢাকা চলাচল করেছিল পরিবহন।



