দিনাজপুরে পৃথক দুই স্থানে রাতে রেললাইনে আগুন

বিরল ও পার্বতীপুরে রেললাইনে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করা হয়

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

দিনাজপুরের বিরল ও পার্বতীপুরে পৃথক স্থানে রেললাইনে আগুন জ্বালিয়ে এবং বোমাসদৃশ বস্তু রেখে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে চালকদের তাৎক্ষণিক সতর্কতা ও দক্ষতায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি আন্তঃনগর ট্রেন।

শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত ১০টা থেকে ১১টার মধ্যে এই ঘটনা ঘটে বলে বাংলাদেশ রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা গেছে।

রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলস্টেশনের কাছে রেললাইনে টায়ার জ্বালিয়ে রাখে দুর্বৃত্তরা। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনের স্টাফরা লাইনের ওপরের আগুন নিভিয়ে চলাচল স্বাভাবিক করেন।

এদিকে, রাত ১১টার সময় বিরল উপজেলার কাঞ্চন জংশনে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে লাল পতাকা টানিয়ে দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। দূর থেকে আগুন দেখতে পেয়ে ট্রেনের চালক হিরো মিয়া ট্রেন থামিয়ে দেন। পরে যাত্রীদের মধ্যে আতঙ্ক এড়াতে কৌশলে বস্তু দুটি দিনাজপুরে নিয়ে এসে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে রাত সাড়ে ১২টার দিকে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) রায়হান ইসলাম বস্তু দুটি পরীক্ষা করে দেখতে পান, সেগুলোর ভেতরে বালু ও বৈদ্যুতিক তার রয়েছে। গোলাকার পাত্রে লাল টেপ দিয়ে মোড়ানো বস্তু দুটিতে কালো ও লাল রঙের বৈদ্যুতিক তার লাগানো ছিল।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার জিয়াউর রহমান জিয়া বলেন, “বস্তুগুলোর ভেতরে বালুর মতো পদার্থ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এগুলো রাখা হয়েছিল।”

দিনাজপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেললাইনে আগুন জ্বালিয়ে ও বোমাসদৃশ বস্তু রেখে নাশকতার চেষ্টা করেছিল। চালকদের সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বস্তুগুলো প্রকৃত বোমা নয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেললাইনে নাশকতা প্রতিরোধে রেলওয়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।