কুমিল্লায় মহাসড়কে রাতে বিক্ষোভ, দিনে স্বাভাবিক যান চলাচল

রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করা হয়

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এক ঘণ্টার অবরোধে ভাঙচুর করা হয় একাধিক পরিবহন ও ককটেল বিষ্ফোরণ করে তৈরি করা হয় আতঙ্ক।

শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে অবরোধ শুরু হয়ে শেষ হয় ১২টার দিকে। তবে এরপর থেকে স্বাভাবিক হয় যান চলাচল। 

সকালে খোঁজ নিয়ে জানা গেছে, রাতের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে এসআরবি ও বিজিবির টহল দল। এ সময় মহাসড়কে জ্বালানো টায়ার ও ফেলে রাখা গাছের গুঁড়ি সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল।

এদিকে ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের কথা জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন।

চট্টগ্রামগামী তিশা পরিবহনের চালক মিজানুর রহমান জানান, রাতে কয়েকটা গাড়ি ভাঙচুরের খবর পেয়েছি। পরে মালিকপক্ষের  কাছ থেকে শুনেছি পরিস্থিতি স্বাভাবিক আছে তাই গাড়ি নিয়ে বের হয়েছি। এখন কোনো অসুবিধা নাই।

চৌদ্দগ্রাম এলাকার স্থানীয় সাংবাদিক মো. সাকিব হোসেন জানান, রাতে দুর্বৃত্তরা মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। কিন্তু পুলিশের শক্ত অবস্থানের কারণে তা আর করতে পারেনি। রাত থেকেই পরিস্থিতি স্বাভাবিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এসময় কয়েকটি গাড়ির গ্লাস ভাংচুর করা হয়। এতে মহাসড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে রাত ১২টার দিকে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে যোগ দেয় এসআরবি ও বিজিবি সদস্যরাও।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, রাতে দুর্বৃত্তরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সেইসঙ্গে মহাসড়কে বাড়তি নজরদারি রাখা হয়েছে।