শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
রবিবার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পদ্মা সেতু ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত ইব্রাহিম সিপাহী সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে যান। এ সময় এক্সপ্রেসওয়েতে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের একপর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট, পদ্মা ফুড ভ্যালি রেস্টুরেন্টসহ কয়েকটি বাস কাউন্টারে অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় অন্তত ২৫টি মোটরসাইকেল।
এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহী নিহত হন। আহত হন অন্তত ২০ জন।
ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে লোকজনকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে এবং একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর জেলা ছাত্রদলের এক নেতা বলেন, “পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ঘটাতে পারেন - এমন তথ্য ছিল। এ আশঙ্কায় বিএনপির নেতাকর্মীরা শুক্রবার থেকে সেখানে অবস্থান করছিলেন। রবিবার ভোরে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।”
একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বিক্ষোভকারীরাও সড়ক থেকে সরে যান।
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, “সকালে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”



আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে উত্তপ্ত জাজিরা, ৪৫ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতুর যান চলাচল