আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে শরীয়তপুরের জাজিরা গোলচত্বরে বিএনপির একটি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন।
রবিবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। যদিও তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি।
পুলিশের এ কর্মকর্তা জানান, ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২-১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় বলেও জানান তিনি। এ কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। এতে সেতুর উত্তর প্রান্তে মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
ফলে রবিবার ভোর থেকে টোল প্লাজায় গাড়ির চাপ বাড়তে থাকে। একপর্যায়ে যানবাহনের সারি টোল প্লাজা ছাড়িয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত পৌঁছে যায়।



