কলকাতায় খুন হওয়া আনারের মেয়ে মেয়ে ডরিন তিন দিনের রিমান্ডে

বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডরিনকে গ্রেপ্তার করে পুলিশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

সংসদ সদস্য থাকাকালে কলকাতায় খুন হওয়া আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে রাজধানীর যাত্রাবাড়ী থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডরিনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ ডরিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডরিনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে; মামলার প্রকৃত রহস্য উদঘাটনে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, মামলার অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার, বিস্ফোরক সম্পর্কে তথ্য উদ্ধার এবং অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করতে রিমান্ড প্রয়োজন। বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। ডরিন ছাত্রলীগের সামনের সারির কর্মী ছিলেন এবং তদন্তে এ ঘটনায় তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড আবেদন বাতিল চেয়ে ডরিনকে প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। শুনানিতে তিনি বলেন, মামলার এজাহারে ডরিনের নাম নেই; সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন আইনের শিক্ষার্থী এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হয়রানির মুখে পড়েছেন; দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৯ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা বিঘ্নিত ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।