১৪ বছরের কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক কারাগারে

টিকটকের মাধ্যমে চীনা নাগরিকের সঙ্গে কিশোরীর পরিচয় হয়েছিল

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ এএম

টিকটকের মাধ্যমে পরিচয়ের পর মানিকগঞ্জের এক কিশোরীকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক চীনা নাগরিকের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেপ্তার চেন ইয়ংকে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ২৪ নভেম্বর রাতে মেয়েটি তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে সে জানায়।

এ তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে। সেখান থেকে আটক করা হয় চেন ইয়ংকে। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় চেন ইয়ংসহ অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করে মামলা করেছেন শিক্ষার্থীর বাবা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুলুস খান পাঠান বলেন, “নিখোঁজের জিডি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে মেয়েটির বড় বোনের দেওয়া তথ্যে উত্তরা থেকে তাকে উদ্ধার করা হয় এবং চেন ইয়ংকে আটক করা হয়।” তিনি জানান, টিকটকে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে শিক্ষার্থী জানিয়েছে।