ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা সরকারের কঠোর নজরদারিতে রয়েছেন এবং চিহ্নিত হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি চাকরিতে থেকে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া জনসেবায় নিয়োজিত থাকার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। এরপরও কিছু পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীর সদস্য এ ধরনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তারা সরকারের কঠোর নজরদারিতে আছেন এবং যে যেখানে চিহ্নিত হবেন, তার বিরুদ্ধে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ইতিমধ্যে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা বর্তমানে কারাগারে আছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে বাড়তি কোনো সতর্কতা নেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। ‘আসিব আসিব বলিয়া কত দিন পার হবে’ মন্তব্য করে তিনি বলেন, কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ তারিখের কথা বলা হচ্ছে, এসব নিয়ে সরকারের আলাদা মনোযোগ নেই, তবে বাহিনী সব সময় সতর্ক রয়েছে।
সরকার কোনো চাপ অনুভব করছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিসের চাপ?’ এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কাজ। তিনি উল্লেখ করেন, শ্রমিক অসন্তোষকে ঘিরে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছিল, যার সঙ্গে প্রকৃত শ্রমিকেরা জড়িত নন। মালিক ও শ্রমিকপক্ষের গণতান্ত্রিক আলোচনার মাধ্যমেই মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করেছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তা দেবে না। জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, গণহত্যা চালিয়ে বিতাড়িত হওয়া এই ফ্যাসিবাদী শক্তি আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না। তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে।



