কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে জামে মসজিদের বৈদ্যুতিক তার চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গ্রামের পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে। তারা হলেন ফয়সাল (৩০), খলিল (৪৬), সামসুউদ্দিন (৫০), সিয়াম (২৫), শিরিনা আক্তার (৬০) ও সাকিব (২০)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সামসুউদ্দিন, সিয়াম ও সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. নাঈম বলেন, “মারামারির ঘটনায় এক নারীসহ পাঁচজন চিকিৎসা নিতে আসেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।“
মালয়েশিয়া প্রবাসী আহত মো. ফয়সালের অভিযোগ, জমিদার বাড়ির জামে মসজিদের বৈদ্যুতিক তার কয়েক দিন পরপরই নুরুজ্জামানের ছেলে সাকিব ও হক মিয়ার ছেলে চুরি করে নিয়ে যান। এ নিয়ে স্থানীয়রা সমালোচনা করেন। ফয়সাল বলেন, “আমি তখন সেলুনে চুল কাটাচ্ছিলাম। এ সময় নুরুজ্জামান, হক মিয়া, সাকিবসহ তাদের লোকজন এসে আমাকে অতর্কিত মারধর শুরু করেন। আমার চিৎকার শুনে স্বজনেরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।” ফয়সাল জানান, এতে তার পক্ষের চারজন আহত হয়েছেন। তারা হলেন সামসুউদ্দিন, খলিল, সিয়াম ও শিরিনা আক্তার।
অন্য পক্ষের আহত সাকিবের স্বজনেরা অভিযোগ করেন, সাকিব তাদের ইয়াবা বিক্রি না করায় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। তারা জানান, আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। মজিদপুর গ্রামে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“



