গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

গাজীপুরের শ্রীপুরে সকাল থেকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা বিবেচনায় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কৃর্তপক্ষ। এতে শ্রমিকরা বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো - সিল্কেন মহাসড়কের মেম্বার বাড়ি এলাকার সিল্কেন সুইং, ভবানীপুর এলাকার আর এন্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড, বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, নতুন বাজার এলাকার মেঘনা হাই ফ্যাশন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা পর্যন্ত শ্রমিকরা বিক্ষিপ্তভাবে মহাসড়কে নামার চেষ্টা করে। এসময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল। এতে  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। 

শিল্প পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাঘের বাজার, মেম্বারবাড়ী ও ভবানীপুর এলাকার কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা  অবরোধ করার চেষ্টা করে। বিক্ষোভকারী শ্রমিকরা বাঘের বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকরা নতুন বাজার এলাকার পরমাণু কৃষি গবেষণাগারের সামনে মহাসড়কে উঠতে চাইলে ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। এসময় আধা ঘন্টার মতো মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে। নতুন বাজার এলাকা থেকে শ্রমিকরা মিছিল গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার দিকে যেতে চাইলে  পুলিশ আন্দোলনকরাী শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

তবে শ্রমিকরা মহাসড়কের উভয় পাশে ছোট ছোট গ্রুপে দাঁড়িয়ে থেকে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এতে মহাসড়ক সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোটামুটি বেগ পেতে হচ্ছে। শিরিরচালা এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে শ্রমিকরা অস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।

তবে আনোদলকারী শ্রমিকরা জানায়, মহাসড়কের আশপাশের অনেক পোশাক কারখানা ছুটি না দেওয়ায় শ্রমিকরা কারখানা অভ্যন্তরে কাজ বন্ধ করে শান্তিপূর্ণভাবে বসে রয়েছে। তাদের কথা, আন্দেলন করলে সবারই বেতন বাড়ানো হবে। যারা আন্দেলনে অংশগ্রহণ করে নাই বা সমর্থন করছে না তাদেরও বেতন বাড়বে। তাহলে রাস্তায় আমরা আন্দোলন করবো আর তারা কাজ করবে এ ধরনের বৈষম্য করা যাবে না। আন্দোলনে সকল পোশাক কারখানার শ্রমিকদের পূর্ণ সমর্থন এবং অংশগ্রহণ করতে হবে। কেউ সড়কে পুলিশের লাঠি খাবে, কেউ কারখানায় বসে কাজ করবে এটা হতে দেওয়া যাবে না।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় শ্রমিক আন্দোলন ও সড়ক অবরোধের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কোনাবাড়ি এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন শ্রমিকরা। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ওই গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, শ্রমিকের মৃত্যুর গুজবে সকাল পৌনে ১০টার দিকে আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, “শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।”