প্রথমবারের মতো চারটি দেশ মিলে আয়োজন করতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপ। ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা।
পরের আসরেও স্বাগতিক হিসেবে থাকছে চারটি দেশ। ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্য, যা ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ ও ২০৩৫ সালের আসরের আয়োজক নির্ধারণের প্রস্তাব অনুমোদিত হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্রস্তাব না থাকায় তা সর্বসম্মতিক্রমে চূড়ান্ত হয়।
৩২টি দল নিয়ে ২০২৭ সালের বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল। আগামী ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় আসরটির মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় বসবে নারী ফুটবল বিশ্বকাপ।
২০৩১ সালের আসরটি হবে উত্তর আমেরিকায় তৃতীয় নারী বিশ্বকাপ। এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্র এবং ২০১৫ সালে কানাডায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা।
এছাড়া ২০৩৫ সালের আসরটি হবে যুক্তরাজ্যের মাটিতে প্রথম নারী বিশ্বকাপ। ১৯৬৬ সালে পুরুষদের বিশ্বকাপ আয়োজনের পর সেখানে প্রথমবারের মতো বসবে ফুটবল বিশ্বকাপের কোনো আসর।
২০৩১ সালের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। ২০৩৫ সালের আসরেও একই ফরম্যাট বজায় থাকবে, যেখানে চারটি করে দল নিয়ে ১২টি গ্রুপ থাকবে এবং এরপর ৩২টি দল নিয়ে নকআউট পর্ব শুরু হবে।



