আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আরও চার বছর দায়িত্ব পালন করবেন লিওনেল স্কালোনি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
নতুন চুক্তির ফলে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপে কোচ হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন স্কালোনি। চুক্তি নবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া।
২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে দীর্ঘ ৩৬ বছরের শিরোপা-খরা ঘোচান স্কালোনি। তার অধীনেই দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমার শিরোপাও জিতেছে আলবিসেলেস্তেরা।
২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেন ৪৮ বছর বয়সী স্কালোনি। এরপর তার অধীনে দলটির সাফল্যের ধারাবাহিকতা তৈরি হয়। নতুন চুক্তির মেয়াদে ২০৩০ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে শিরোপার লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে তার কাঁধে।



