পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় আহত আটজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক আলী আজগর খোকনের স্ত্রী ও আট বছর বয়সী মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাংবাদিক আলী আজগর খোকনের স্ত্রী এবং পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তার আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার প্রমিলা রানী (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পেছন থেকে একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে যানটি সড়কের পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে। এ সময় থ্রি-হুইলারের আট যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে গুরুতর আহত মাহমুদা আক্তার, তার মেয়ে আল আকসাসহ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা ও তার মেয়ে সম্প্রীতি রংপুরে এবং প্রমিলা রানী ঠাকুরগাঁওয়ে মারা যান।
দুর্ঘটনায় আহত অন্যরা হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তার মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাদের মধ্যে একজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



