গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো-জ্যাঠাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতদের একজনের বয়স ১৭ বছর, অন্যজনের ৮ বছর। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল।
নিহতরা হলো, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের সামিউল ইসলাম (১৭) এবং একই গ্রামের আব্দুল্লাহ মিয়া (৮)। সামিউল স্থানীয় ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর আব্দুল্লাহ বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সামিউল তার চাচার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে চাচাতো ভাই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে সাদুল্লাপুর থেকে বাড়ি ফিরছিল সে। সকাল ১১টার দিকে বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামিউল। এ সময় দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে প্রথমে শিশু আব্দুল্লাহর মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর মারা যায় সামিউলও।
সাদুল্লাপুর থানার এসআই রেজাউল বলেন, "মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কিশোর ও এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে সড়কের মোড়ে সেটির নিয়ন্ত্রণ রাখতে পারেনি চালক। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত দুজন সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।"



