Friday, November 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

অভাবের তাড়নায় ১৫ মাসের শিশুকে ৩০ হাজার টাকায় বিক্রি

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উভয় পক্ষকে তার বাসভবনে ডেকে পাঠান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

অভাব-অনটন, অসুস্থতা ও স্বামীর অবহেলায় দিশাহারা হয়ে মাত্র ১৫ মাস বয়সী নিজের শিশুপুত্রকে ৩০ হাজার টাকার বিনিময়ে এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়েছিলেন এক মা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয় এবং আপাতত আর্থিক সহায়তা দিয়ে তাকে মায়ের জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ঘটনাটি উপজেলা প্রশাসনের নজরে আসার পর মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ উভয় পক্ষকে তার বাসভবনে ডেকে পাঠান। শিশুটির মা এবং শিশুটিকে নেওয়া দম্পতিকে সেখানে হাজির করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ বছর বয়সী অনিকা আক্তারের সঙ্গে প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরী নামের এক যুবকের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় শিশুপুত্র আলামিন। অনিকার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী তার ও সন্তানের কোনো খোঁজখবর রাখতেন না। একপর্যায়ে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সন্তানকে নিয়ে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে বাবার বাড়িতে ফিরে আসেন।

কিন্তু সেখানেও চরম আর্থিক সংকটের মুখে পড়েন অনিকা। নিজে জটিল রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি সন্তানের খাবার ও চিকিৎসার খরচ জোগাতে ব্যর্থ হন। পরিবারের আর্থিক অসচ্ছলতা ও নিজের অসুস্থতার কারণে সন্তানকে লালন-পালন করা অসম্ভব হয়ে পড়ায় তিনি শিশুটিকে অন্যের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। গত বুধবার বিকেলে এক প্রতিবেশীর সহযোগিতায় শিশুটিকে মোংলায় নিয়ে যাওয়া হয় এবং মোংলা পৌরসভার বাতেন সড়ক এলাকার এক ব্যবসায়ীর স্ত্রীর কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে তা হস্তান্তর করা হয়।

শিশুটির মা অনিকা আক্তার বলেন, “আমি জটিল রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই চালাতে পারি না। ছেলেকে কী খাওয়াব, তার চিকিৎসা কীভাবে করাব, সেই সামর্থ্যও আমার নেই। তাই বাধ্য হয়ে ৩০ হাজার টাকায় ছেলেকে অন্যের হাতে তুলে দিয়েছি। সে যেখানে ভালো থাকবে, সেখানেই থাকুক।”

অন্যদিকে শিশুটির নানা জানান, বয়সের ভারে তিনিও বিভিন্ন রোগে আক্রান্ত এবং নিজের চিকিৎসার খরচ জোগাতেই হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে মেয়ে ও নাতির ভরণপোষণের দায়িত্ব নেওয়া তার পক্ষেও অসম্ভব হয়ে পড়েছিল।

ইউএনও মো. হাবিবুল্লাহ জানান, আইনগতভাবে এভাবে কোনো শিশুকে বিক্রির সুযোগ নেই। শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং আপাতত আর্থিক সহায়তা দিয়ে তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়ায় যারা শিশুটির দায়িত্ব নিতে চান, তাদের আবেদন যাচাই-বাছাই করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x