রংপুর নগরীর মাহিগঞ্জ পশ্চিম খাসবাগ এলাকায় বালু বোঝাই বড় ডাম্পিং ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছেন তার মা আশা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ড্রাম ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ট্রাক চাপায় বাড়িটি পুরোপুরি গুড়িয়ে গেছে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে পশ্চিম খাসবাগ এলাকায় মহল্লার ছোট্ট সড়ক দিয়ে একটি ড্রাম ট্রাক দ্রুত বেগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ভ্যানচালক পিন্টু মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা ওই শিশু ঘটনাস্থলেই নিহত হয়। ঘুমিয়ে থাকা মা আশা বেগম গুরুতর আহত হন। আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ ও তার মা আশা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আশা বেগম ৯ মাসের অন্তসত্ত্বা বলে স্বজনরা জানিয়েছেন।
এ ব্যাপারে নিহত শিশুর খালাতো বোন মৌসুমী জানান, বৃহস্পতিবার বোনের জন্মদিন ছিল। সে বাবার কাছে বায়না ধরেছিল, কেক কেটে জন্মদিন পালন করবে। বাবা ভ্যানচালক পিন্টু মিয়া ৩০০ টাকা দিয়ে কেক এনে দিয়েছিলেন। কেক কেটে জন্মদিন পালন করেছে বোন। কিন্তু কে জানে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘাতক ট্রাক তার জীবন প্রদীপ নিভিয়ে দেবে।
মৌসুমী ঘাতক ট্রাকের ড্রাইভারের ফাঁসি দাবি করেন। এদিকে নিহত সিনথিয়ার বাবা পিন্টু মিয়া বার বার জ্ঞান হারিয়ে ফেলছিলেন আর বিলাপ করছিলেন।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম জানান, ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।



