ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিজের মোবাইল ফোনে আড়িপাতার গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সমর্থকদের সঙ্গে এক অনলাইন ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন এবং প্রধানমন্ত্রীকে বিভিন্ন ইস্যুতে সরাসরি মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ শীর্ষক অনুষ্ঠানে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় রাহুল গান্ধী নিজের মোবাইল ফোনটি উঁচিয়ে ধরেন। তিনি দাবি করেন, “আমার এই ফোনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সব ধরনের প্রমাণ রয়েছে, তিনি আড়ি পেতেছেন।” ফোন হাতে তুলে ধরে তিনি আরও বলেন, “প্রমাণ এই ফোনের মধ্যেই রয়েছে। আর প্রধানমন্ত্রী তা জানেন, কারণ আমার ফোনে আড়ি পাতেন তিনি।” তবে ফোনে আড়িপাতার এই অভিযোগের পক্ষে যাচাইযোগ্য কোনো প্রযুক্তিগত প্রমাণ তাৎক্ষণিকভাবে উপস্থাপন করেননি রাহুল গান্ধী।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার ফোনে আড়িপাতা ও নজরদারির অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। ২০২৩ সালে তিনি দাবি করেছিলেন, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে তার এবং আরও অনেক রাজনীতিবিদের ফোনে নজরদারি চালানো হচ্ছে এবং গোয়েন্দা কর্মকর্তারাও তাঁকে ফোনে কথা বলার বিষয়ে সতর্ক করেছিলেন। তবে নরেন্দ্র মোদীর সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।
শুক্রবারের অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্ক হলেই চূড়ান্তভাবে প্রমাণ হয়ে যাবে কে ‘বিদেশি শক্তির নিয়ন্ত্রণে এবং দেশবিরোধী’। এ ক্ষেত্রে তাঁর কাছে ‘যথেষ্ট প্রমাণ’ রয়েছে বলেও তিনি দাবি করেন। নির্বাচনি প্রক্রিয়া, বিদেশি হস্তক্ষেপ এবং জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনার দাবি জানিয়ে গত ১২ দিনের মধ্যে এ নিয়ে সপ্তমবারের মতো প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ জানালেন এই কংগ্রেস নেতা।
অন্যদিকে, ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা রাহুল গান্ধীর এই বিতর্কের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে আসছেন। বিজেপির অভিযোগ, রাহুল গান্ধী লোকসভায় গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থবহ আলোচনায় অংশ নেওয়া এড়িয়ে যাচ্ছেন। এর আগে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রশ্ন তুলেছিলেন, পার্লামেন্টে আলোচনার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও রাহুল গান্ধী কেন বারবার প্রধানমন্ত্রীকে বিতর্কের জন্য আলাদা কোনো স্থানে যেতে বলছেন?



