Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালো ভারত

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইন ও বিচার বিভাগের বিষয় বলে জানিয়েছে ভারত। এই বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ব্রিফিংয়ে অন্তত চারজন জ্যেষ্ঠ সাংবাদিক শেখ হাসিনার প্রত্যর্পণ, পাসপোর্ট এবং ভ্রমণ নথি নিয়ে ভারত সরকারের অবস্থান জানতে চান।

জবাবে রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেন, “শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

পাসপোর্ট বা ভ্রমণ নথির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এটিও একটি আইনি বিষয় এবং ভ্রমণের জন্য যেকোনো ব্যক্তিরই বৈধ ভ্রমণ নথি প্রয়োজন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে। এই প্রেক্ষাপটেই ভারতের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক বক্তব্য এল।

ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পানিবণ্টন চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র জানান, এ বিষয়ে পূর্বের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য নেই। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর বা এসংক্রান্ত কোনো নতুন আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো আপডেট তাদের কাছে নেই।

   

About

Popular Links

x