মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কোনো দণ্ডিত আসামি পাসপোর্ট পাওয়ার অধিকারী নন। আইনের ব্যাখ্যা দিয়ে তিনি জানান, কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত হওয়ার পর যদি বিগত পাঁচ বছরের মধ্যে তার দুই বছর বা তার বেশি সাজা হয়, তবে কর্তৃপক্ষ তাকে কোনো পাসপোর্ট দেবে না। এছাড়া নৈতিক স্খলনের (মোরাল টারপিটিউড) কারণে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা না দেওয়ার বিধান রয়েছে।
শেখ হাসিনার মামলার প্রসঙ্গ টেনে আমিনুল ইসলাম বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এই অপরাধ মোরাল টারপিটিউডের আওতাভুক্ত। যেহেতু তিনি দণ্ডিত আসামি, তাই পাসপোর্ট কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই তাকে পাসপোর্ট দেওয়ার।”
তিনি আরও জানান, নির্ধারিত ৩০ দিনের মধ্যে শেখ হাসিনা কোনো আপিল না করায় তার আপিল করার আইনি সুযোগ এখন শেষ। সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে একজন দণ্ডিত পলাতক আসামিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া বিচার বিভাগের সঙ্গে প্রতারণার শামিল হবে বলে মন্তব্য করেন তিনি।
দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, “যদি সত্যিকারের অর্থে তিনি আসতে চান, তবে আমরা পরিষ্কার উপদেশ দিতে চাই, শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন। ভারত সরকারের কাছে লিখিতভাবে বলুন যে এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তির আওতায় যেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এটিই হবে তার জন্য একমাত্র সঠিক পন্থা।”
শেখ হাসিনার পক্ষে ল ফার্মের মাধ্যমে পাসপোর্ট চাওয়ার ঘটনাকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা কখনো মামলার মুখোমুখি হননি এবং তার মধ্যে দেশে ফেরার কোনো সদিচ্ছা কখনো ছিল না। তার আসার সদিচ্ছা থাকলে মামলা চলাকালীন কিংবা রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে তিনি আত্মসমর্পণ করে আইনি লড়াই করতে পারতেন।



