বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর নতুন করে হুমকি হয়ে উঠেছে বিষ প্রয়োগ করে মাছ শিকার। ফলে মাছ মাছের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ খাদ্যশৃঙ্খল ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক জীবনচক্র।
অন্যদিকে বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের ধারাবাহিক অভিযানে অপরাধী গ্রেপ্তার এবং অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়েছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সুন্দরবন বিভাগ ৫১৫টি মামলায় ৫০৪ জনকে গ্রেপ্তার করেছে। পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে ৪০৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৯৪ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে ১১২টি মামলায় ১১০ জনকে গ্রেপ্তার করা হয়।
পশ্চিম বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় গত ১০ মাসে গহীন অরণ্য থেকে শুরু করে নদী-খালে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করা হয়েছে। এ সময় হরিণ শিকার, অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ, বিষ প্রয়োগে মাছ ধরা এবং অন্যান্য বন অপরাধের অভিযোগে এসব মামলা করা হয়। অভিযানে জব্দ করা হয়েছে দুই হাজার ৮৯২ মিটার হরিণ ধরার ফাঁদ, ৫২২ কেজি হরিণের মাংস, ২৯ ট্রলার, ৪০৫ নৌকা, ৪৮৩ অবৈধ কাঁকড়া ধরার আটন, ৯,৫৩২ মিটার দড়ি, ৩,৭৬০ কেজি মাছ এবং ৪,১৪২ কেজি অবৈধভাবে আহরিত কাঁকড়া। এছাড়া জব্দ করা হয়েছে ১৮৮ বোতল মাছ ধরার অবৈধ কীটনাশক ও ১,২৭৩ কেজি মধু।
সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্রে জানা গেছে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১১২ মামলা (পিওআর-৩৪টি, ইউডিওআর-৪৪টি ও সিওআর-৩৪টি), ১১০ আসামী, ৪২ নৌকা, ৩৮ ট্রলার, ১৫৭ বিবিধ জাল, বিষের বোতল ৩৬, হরিণ ধরা ফাঁদ ১৩,২৫৭ মিটার ও ৭০৫, হরিণের মাংস ৭ কেজি, সাদা মাছ ৭৮৬ কেজি, কাঁকড়া ১,৮১৩ কেজি, মধু ১৭০ কেজি, মোম ৩৬ কেজি, চারো ৪,৫২১, চিংড়ি মাছ ২ বস্তা ও ৫ কেজি, শুটকী মাছ ২০০০, বর্শি ৫৪৫ কেজি জব্দ হয়।
সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার দীর্ঘদিনের একটি উদ্বেগজনক অপরাধ। এক শ্রেণির অসাধু চক্র মাছের চলাচল ও অবস্থান শনাক্ত করে পানিতে কীটনাশক ছড়িয়ে দেয়। এতে মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়া, জলজ কীটপতঙ্গ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণীও মারা যায়। বিষাক্ত মাছ ও পানির মাধ্যমে খাদ্যশৃঙ্খলের অন্য প্রাণীরাও ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় জেলে আব্দুল সালাম বলেন, “আগে সুন্দরবনের নদী-খালে প্রচুর মাছ পাওয়া যেত। এখন বিষ দিয়ে মাছ ধরার কারণে মাছের পরিমাণ কমে যাচ্ছে। যারা বিষ প্রয়োগ করে মাছ ধরে, তারা সাময়িকভাবে লাভবান হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ক্ষতি করছে। যার কারণে প্রকৃত জেলেরা ক্ষতির মুখে পড়ছেন। বন বিভাগ ও প্রশাসনের নিয়মিত অভিযান এবং কঠোর নজরদারি প্রয়োজন।”
সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, “বিষ প্রয়োগ করে মাছ ধরলে শুধু লক্ষ্যবস্তু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষাক্ত পদার্থ পানিতে ছড়িয়ে পড়লে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। দূষিত মাছ খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে মানুষের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।”
বন্যপ্রাণী শিকার ও বন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সুন্দরবন পশ্চিম বিভাগ ১৩৫ জনের একটি বিশেষ তালিকা তৈরি করেছে। তালিকাভুক্ত ব্যক্তিদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। পাশাপাশি বন অপরাধ দমনে স্টেশন ও টহল ফাঁড়িগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সুন্দরবন চাঁদপাই রেঞ্জের এসিএফ মনির হোসেন জানান, গত ১০ মাসে বন আইনে ৮৮ মামলা হয়। এর মধ্যে ১৭টি বন মামলায় আটক আসামী ৪০ জন। ৮৮টি বন মামলায় জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে নৌকা, ট্রলার, বৈঠা, সোলার প্যানেল, সোলার ব্যাটারী, চিংড়ী মাছ, শুটকি মাছ, চিংড়ী ও সাদামাছ, ইলিশ মাছ, বিষের বোতল, রোটেনন বিষ, বরফসহ ককসেট, টোনাজাল, বেহুন্দীজাল, ছান্দিজাল, চরপাটা জাল, প্লাস্টিকের বস্তা, পাতিল, হাত করাত, পানির ড্রাম, দা, টর্চলাইট, ভাতের হাঁড়ি, কাঁকড়া, চারু, ক্যারেট, সুন্দরী গোলকাঠ, গেওয়া গোলকাঠ, বিবিধ জ্বালানী, হরিণ শিকারের মালাফাঁদ, হরিণ শিকারের আঁটা ফাঁদ, হরিণ শিকারের ছিটকা ফাঁদ।
পরিবেশবিদদের মতে, সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধ করতে শুধু মাছ শিকারিদের নয়, এর পেছনে থাকা বিষের সরবরাহকারী ও ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জলজ জীববৈচিত্র্য অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।
পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর সুন্দরবনের দাকোপ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় বনরক্ষীরা বাধা দেন। এ সময় বিষ প্রয়োগকারীরা ধারালো দা নিয়ে বনরক্ষীদের ওপর হামলার চেষ্টা করে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে খুলনার দাকোপ থানায় অভিযোগ করা হয়।
ঘটনার পর পুলিশ মোংলার জয়মনি এলাকা থেকে সোহেল শেখ ও লাইজু বেগমকে গ্রেফতার করে। পরে তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হলে বিষ সরবরাহকারী হিসেবে সেলিম মিয়ার নাম জানান তারা। তাদের দেওয়া তথ্যে মোংলা পৌর শহরের শেখ আবদুল হাই সড়কে অবস্থিত নিজস্ব সার ও কীটনাশকের দোকান থেকে সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের খুলনার দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বলেন, “সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার এবং বনরক্ষীদের ওপর হামলার চেষ্টার ঘটনায় ৭ নভেম্বর রাতে দুই অভিযুক্তসহ বিষ সরবরাহকারী সেলিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।”
গ্রেপ্তার তিনজন হলেন- সোহেল শেখ, লাইজু বেগম ও মো. সেলিম মিয়া। অভিযুক্ত সোহেল শেখ ও লায়জু বেগমকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিষ সরবরাহকারী হিসেবে সেলিম মিয়ার নাম বেরিয়ে আসে। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “৯ নভেম্বর দুপুর ১টায় কোস্টগার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন সুন্দরতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শিকারির পাতা ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বেলা ৩টায় নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়।”
তিনি আরও বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বনরক্ষীরা চরম ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে বনের দুর্গম এলাকায় পায়ে হেঁটে এবং নদীপথে নিয়মিত টহল দিচ্ছেন। ফুট পেট্রোলিংয়ের পাশাপাশি ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম বলেন, সুন্দরবন সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে বন অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। তবে অপরাধী ধরলে বনের গভীরে বনকর্মীদের উপর প্রতিনিয়ত সংঘবদ্ধ হামলার শিকার হচ্ছে বলে জানান তারা।
সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, হরিণ ও বন্যপ্রাণী শিকার এবং বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। স্টেশন ও টহল ফাঁড়ির কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী জানান, বন বিভাগের নিরাপত্তা বেষ্টনী জোরদারে লাগাতার অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন অভিযানে অবৈধ জাল, নৌকা, আটনসহ বন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তারাও কয়েকটি অভিযানে অংশ নিয়ে অপরাধীদের আটকে ভূমিকা রেখেছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “সুন্দরবনের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে, তারা যত ক্ষমতাশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”



