Wednesday, October 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনে ডাকাতের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ৫ জিম্মি জেলে উদ্ধার

সাতক্ষীরার আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খালে ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ হয়

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী'র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। এক পর্যায়ে দস্যুরা পিছু হটে পালিয়ে যায়। এরপর জিম্মি থাকা ৫ জেলেকে উদ্ধার করা হয়। এ সময় একনলা বন্দুক, গুলি ও ধারালো অস্ত্র জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

এর আগে, সোমবার (২৬ অক্টোবর) দিনগত মধ্যরাতে আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী' সাতক্ষীরার শ্যামনগর থানার সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় কয়েকজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর দিনগত মধ্যরাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল অতর্কিতভাবে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে ডাকাতদল জিম্মিদের রেখে সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। একইসঙ্গে ডাকাত দলের কাছে জিম্মি থাকা পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন রবিউল ইসলাম (৩৫) ও বিল্লাল হোসেন (২৬) সাতক্ষীরার শ্যামনগর এবং আলাউল ইসলাম (৩২), নওশেন মোড়ল (৪১) ও শাহিনুর রহমান (২৮)। এরা খুলনার কয়রা থানার বাসিন্দা।

জব্দ করা অস্ত্র ও ফাঁকা কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার করা জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x