খুলনার বটিয়াঘাটায় বড় কড়িয়া এলাকায় সোহেল শেখ (৩৪) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ গুলির ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সাবেক চেয়ারম্যান ও বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুল ইসলাম খান জনি জানান, সোহেল শেখ ৭নং আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবির সিদ্দিক শুভ্র জানান, গত রাত সাড়ে ১২টার দিকে খুলনার বটিয়াঘাটা থানার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে মোটরসাইকেলে বসেছিলেন সোহেল শেখ। এ অবস্থায় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা পিস্তল দিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে সোহেলের ডান হাতে ও পেটের ডান পাশে গুলি লাগে।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত সোহেল শেখকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সার্জারি ইউনিটে তাকে ভর্তি করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা গেছে, ভুক্তভোগী সোহেল পারভেজ ওরফে সোহেল শেখের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, অ্যাটেম্পট্ টু মার্ডারসহ এগারোটি মামলা রয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় টহল জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২৪ অক্টোবর মহানগরী ও জেলায় আরও দুই যুবক গুলিবিদ্ধ হন।



