খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় বাড়ি ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খান (৭৬) ও তার স্ত্রী ফাতেমা বেগমকে (৬৫) আটক করেছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) সকালে আহত রকিবুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে এক তরুণ ভাড়াটিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি ভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন রকিবুল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনাডাঙ্গা থানার এএসআই আল মিরাজ খান বলেন, “মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক মসলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”



