ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে হত্যাচেষ্টা মামলায় আবারও ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইন ফের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
এর আগে, গত ২১ অক্টোবর হত্যাচেষ্টার এই মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এই মামলায় ৪ দিনের রিমান্ড শেষে আগারওয়ালাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. সুমন মিয়া ফের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আগারওয়ালার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রিমান্ডের আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, আগারওয়ালাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও ঘটনার অনেক তথ্য তিনি গোপন করেছেন। তাকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বাকি তথ্যগুলো উদ্ধার করা সম্ভব হবে। একইসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
এই মামলার বাদী হলেন আ. জব্বার। ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এই মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, জুলাই/২০২৪ থেকে ছাত্রজনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করে। বাদী ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে অংশ গ্রহণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্বৈরাচার সরকার পতনের একদফা দাবীতে উত্তরার বিভিন্ন সড়কে অবস্থান নেয়। ৫ আগস্ট বাদী আ. জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের পশ্চিম পাশে রাস্তার ওপর শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান করছিলেন। দুপুর ১২ টায় একটি বুলেট বাদীর শরীরের (মেরুদন্ডের নিচে কোমরের ওপরে) প্রবেশ করে। তৎক্ষণাৎ বাদী রাস্তায় অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। উপস্থিত আন্দোলনকারীরা বাদীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) নেওয়া হয়।
চিকিৎসা শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
এর আগে, গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে আগারওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তার পরদিন সোনা চোরাচালান ও অর্থপাচারের অভিযোগে সিআইডির দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার করে একদিনের রিমান্ডে নেওয়া হয়।



