Sunday, October 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর

মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মামলা করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। 

শনিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলা করেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে জানা গেছে। 

রাজধানীর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। 

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না; বিশাল সেন্টারে অবস্থিত নিজের ব্যক্তিগত কার্যালয় বা স্টুডিওতে ছিলেন। গাড়িতে অন্য কেউও ছিলেন না। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে গুলিতে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, সিএনজিচালিত একটি অটোরিকশায় এসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ওই অটোরিকশায় করেই মালিবাগের দিকে পালিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ। 

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে গুলির ঘটনার পেছনের উদ্দেশ্য জানারও চেষ্টা চলছে। 

   

About

Popular Links

x