Sunday, October 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুনরায় সচল জনতা ব্যাংকের ওয়েবসাইট, হ্যাকের তথ্য প্রত্যাখ্যান

বৈশ্বিক সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি এড়াতেই আগাম সতর্কতা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

সাইবার হামলার ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখার পর কারিগরি ত্রুটি ও স্প্যাম মুক্ত করে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট পুনরায় সচল করা হয়েছে। 

রবিবার (২৫ অক্টোবর) মেরামত শেষে দুপুর পৌনে ৩টার দিকে ওয়েবসাইটটি সম্পূর্ণ সচল হয় বলে ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান নিশ্চিত করেছেন।

এর আগে ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে ক্ষতিকর স্প্যামের উপস্থিতি শনাক্ত হওয়ার পর ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা তা সরিয়ে ফেলা ও মেরামতের কাজ শুরু করেন। জনতা ব্যাংকের এক অভ্যন্তরীণ চিঠিতে জানানো হয়, বৈশ্বিক সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি এড়াতেই আগাম সতর্কতা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে এতে হামলার চিহ্ন ও স্প্যাম পাওয়া গেলে তা দ্রুত অপসারণ করে সাইটটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়।

এদিকে, ব্যাংকের মূল সার্ভার হ্যাক হওয়া সংক্রান্ত কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছে জনতা ব্যাংক কর্তৃপক্ষ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা বড় ধরনের সাইবার হামলার শিকার হওয়ার খবরটি সত্য নয়। এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং ব্যাংকের মূল সার্ভার সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর থেকে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়। এ ছুটির মধ্যেই বিশ্বজুড়ে তৈরি হওয়া সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় বাড়তি সতর্কতা হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে রোববার দেশের সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন শুরু হলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সকাল থেকেই চালু করা হয়, তবে মেরামত কাজ চলায় জনতা ব্যাংকের ওয়েবসাইটটি সচল হতে দুপুর পৌনে ৩টা পর্যন্ত সময় লাগে।

   

About

Popular Links

x