বলিউডের জনপ্রিয় সুপারস্টার ও প্রযোজক সালমান খান সম্প্রতি মেগাবাজেট দক্ষিণী সিনেমার শুটিংয়ে বডি-ডাবল হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এবার তার জিমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার (২২ আগস্ট) ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনের বরাতে জানা যায়, মুম্বাইয়ে নয়, সালমান খানের দিল্লির জিমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে দিল্লির গ্রেটার কৈলাশ-১ এলাকায় অবস্থিত জিমটির প্রথম তলায় আগুন লাগে।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে পুলিশ। প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
জানা গেছে, গ্রেটার কৈলাশ-১-এর এই ব্যায়ামাগারটি সালমানের নিজস্ব জিম ব্র্যান্ডের একটি ফ্র্যাঞ্চাইজি। অভিনেতা নিজে শরীরচর্চার ব্যাপারে বরাবরই বেশ সচেতন। দীর্ঘ ক্যারিয়ারে তার সুঠাম শরীর ও শার্টলেস অবতার ভক্তদের মধ্যে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছে।
সম্প্রতি সালমানের আসন্ন দক্ষিণী সিনেমার শুটিংয়ে তার বডি-ডাবল হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। ফলে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে সালমানকেই অংশ নিতে হচ্ছে বলে জানা যায়।



