পাকিস্তানের অন্যান্য অনুষ্ঠান ও গানের মতো ‘দার-ই-নিজাত’ নাটকটি ভারতে সরকারিভাবে নিষিদ্ধ। তবুও ভারতের দর্শকদের মধ্যে এ নাটক নিয়ে উন্মাদনার কমতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিপ আদান-প্রদান থেকে শুরু করে বিভিন্ন শহরে দলবদ্ধভাবে দেখার আসর, সব মিলিয়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানি বিনোদনের প্রতি ভারতীয়দের আগ্রহ থামানো যাচ্ছে না।
নয়াদিল্লিভিত্তিক সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান সম্প্রতি ভারতের রাজধানীতে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-ই-নিজাত’-এর একটি প্রদর্শনী আয়োজন করে নিজেই অবাক হন। বড়জোর ৪৫ জনের জন্য একটি ঘরোয়া আয়োজনের ব্যবস্থা থাকলেও সেটি দেখার জন্য ৭০০-এরও বেশি মানুষ তার কাছে অনুরোধ জানান।
তরুণী জারিয়াব, তার শৈশবের প্রেম জামিল এবং পরবর্তী সময়ে জারিয়াবের জীবনের শূন্যতা পূরণ করতে আসা আবু বকরকে ঘিরে আবর্তিত এই নাটকের জনপ্রিয়তা ভারতের শহরগুলোতে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে তা সামাল দিতে পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে। প্রচারণামূলক পোস্টার নজরে আসার পর দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে আগামী সপ্তাহান্তে অনুষ্ঠেয় অন্তত দুটি প্রদর্শনী বাতিল করেছে কর্তৃপক্ষ। তবে এসব পদক্ষেপ দর্শকদের আগ্রহ কমাতে পারেনি।
ভক্তদের পেজ ও মন্তব্যের ঘরে বারবার ঘুরেফিরে আসা একটি বাক্যই যেন এই উন্মাদনার প্রতীক হয়ে উঠেছে: ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’ (ধৈর্যের ফল নয়, আবু বকরকে চাই)। পরিচিত উর্দু প্রবাদকে ঘুরিয়ে দেওয়া এই বাক্যটি নাটকের কাল্পনিক চরিত্র আবু বকরের প্রতি দর্শকদের অনুরাগকেই তুলে ধরে। বেঙ্গালুরুর এক ভক্ত রাখশান্দা মুজিব বলেন, “আমরা সবাই এমন একজন আবু বকরের অপেক্ষায় ছিলাম। সে যতটা সহমর্মী, তা দেখেই আমি তার প্রতি রীতিমতো পাগল হয়ে আছি; আর আজকালকার বেশির ভাগ পুরুষের মধ্যেই ঠিক এই গুণটার অভাব দেখা যায়।”
গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা বা অনুষ্ঠান পরিবেশনের ওপর অনানুষ্ঠানিক বিধিনিষেধ জোরালো হয়। তবে পরিস্থিতি চরম মোড় নেয় ২০২৫ সালের এপ্রিলে। ওই সময় ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে। এ নিয়ে দুই দেশের মধ্যে চার দিনের সংঘাতও হয়।
সেই ঘটনার পর জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানের গান, চলচ্চিত্র ও নাটক নিষিদ্ধ করে ভারত। চলতি সপ্তাহেও নেটফ্লিক্সে আসা পাকিস্তানের প্রথম অনুষ্ঠানটি ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।
পর্যবেক্ষক সংস্থা টপ১০ ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নিতে বলার দিনেই ভারতে ভিপিএন খোঁজার হার ৭২ শতাংশ বেড়ে যায়। সুফিয়ান খান বলেন, “ভারতীয়রা এখন ইনস্টাগ্রামে পাকিস্তানি শিল্পীদের নাগাল পান না, স্পটিফাইয়ে পাকিস্তানি গান শুনতে পারেন না, এমনকি ভিপিএন বা প্রক্সি ছাড়া ইউটিউবে পাকিস্তানি নাটকও দেখতে পারেন না।”
বিশ্লেষকদের মতে, ২০১৬ সালে চীন কোরিয়ান পপ সংস্কৃতির ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল, নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের কারণে তা দীর্ঘদিন কার্যকর রাখা সম্ভব হয়েছিল। কিন্তু ভারত ইউটিউব নিয়ন্ত্রণ করে না; তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় কনটেন্ট ব্লক বা ‘জিও-ব্লক’ করা হলেও ভিপিএন ও পুনঃআপলোডের মাধ্যমে দর্শকেরা সহজেই সেই সীমাবদ্ধতা এড়িয়ে যাচ্ছেন।
‘দার-ই-নিজাত’ সম্প্রচারকারী নেটওয়ার্ক এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জারজিস সেজা বলেন, “পাকিস্তানি চ্যানেলগুলোর মোট ভিউয়ের ৩০ থেকে ৩৫ শতাংশই আসে ভারতীয় দর্শকদের কাছ থেকে। এই যুগে আপনি কনটেন্টের নাগাল পাওয়া কঠিন করে তুলতে পারেন, কিন্তু এটা থামাতে পারবেন না।” এর আগে ২০২২ সালে ‘তেরে বিন’ এবং ২০২৪ সালে ‘কাভি ম্যায় কাভি তুম’ নাটকও ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
সাংস্কৃতিক সাদৃশ্য ও নির্মাণের মানকে এর বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সেজার মতে, তাদের কনটেন্ট বাস্তবসম্মত ও মাটির কাছাকাছি হওয়ায় দর্শকেরা নিজেদের জীবনের সঙ্গে তা মেলাতে পারেন। অন্যদিকে সুফিয়ান খান মনে করেন, ভারতীয় পর্দায় মুসলিম চরিত্রগুলোকে প্রায়ই গতানুগতিক ছাঁচে দেখানো হলেও ‘দার-ই-নিজাত’-এ ধর্মীয় ও সামাজিক বিষয়গুলোকে ভিন্ন ও অন্তর্ভুক্তিমূলকভাবে তুলে ধরা হয়েছে।
দিল্লির নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা বলেন, গত কয়েক বছরে পাকিস্তানি টিভি অনুষ্ঠান, গান ও ইনফ্লুয়েন্সারদের কনটেন্ট দেখার যে জোয়ার তৈরি হয়েছে, তা সীমান্তের ওপারের মানুষ সম্পর্কে প্রচলিত ধারণা ভাঙতে ভূমিকা রেখেছে। পাকিস্তানি অভিনেত্রী ও গায়িকা হানিয়া আমিরের গান কিংবা তাতে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের উপস্থিতির মতো বিষয়গুলোকেও তিনি এ পরিবর্তনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া মনে করেন, প্রযুক্তির অগ্রগতি সীমান্ত ও নিষেধাজ্ঞাকে কম প্রাসঙ্গিক করে তুলছে। অতীতে পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ থাকলেও পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউডের জনপ্রিয়তা যেমন টিকে ছিল, তেমনি এখনো সংস্কৃতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের সেতুবন্ধন হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।



