চট্টগ্রামের পটিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংলা এলাকায় ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে।
এতে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে গেলেও নৈশপ্রহরীর তাৎক্ষণিক পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দুই থেকে তিনজন মুখোশধারী ব্যক্তি ব্যাংকের সামনে এসে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। ব্যাংকের প্রধান ফটকে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। দায়িত্বরত নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে দ্রুত অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান বলেন, “কয়েকজন মুখোশধারী ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে ফটকে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত রয়েছে।”
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঢাকা ট্রিবিউনকে বলেন, “গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”



