‘মোরগ পোলাও খাইয়ে’ স্বর্ণের দোকানে চুরির অভিযোগ

দুই হাজার ভরি গয়না ও নগদ ১০-১২ লাখ টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকান কর্তৃপক্ষ 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলে গয়নার দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, “দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না চুরি হয়েছে। এছাড়া ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে চোরেরা।”

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় চার নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, “চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।”

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, মার্কেটের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ। পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীলের অভিযোগ, চুরির আগে দোকানের কয়েকজন নিরাপত্তাকর্মীকে মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।

সঞ্জীব শীল বলেন, “সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। এছাড়া সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে ঢুকতে সহায়তা করেন। ভেতরে প্রবেশের পর তাঁদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।”

চুরির ঘটনায় জড়িত এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলের কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে আলামত সংগ্রহ করছে।

পূরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও একইভাবে দোকানে চুরির চেষ্টা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল। একজন অচেতন হয়ে পড়ার পর দোকানমালিক বিষয়টি বুঝতে পারেন। ফলে সেবার চুরির চেষ্টা সফল হয়নি।