নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে রাজধানীতে ‘ব্লক রেইড’ ও চিরুনি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ৫০৭ জনসহ মোট ৬১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময়ে উত্তরায় পৃথক অভিযানে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিন্টো রোডে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।
তিনি বলেন, “ঢাকায় আমাদের পুলিশের কর্মকাণ্ড দৃশ্যমান। চেকপোস্ট, পিকেট ডিউটি ও ওভারঅল পুলিশের উপস্থিতি অনেকটাই বাড়ানো হয়েছে। সন্ত্রাসী বা নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করছি।”
ঢাকার বাইরে নাশকতা করে যারা রাজধানীতে এসে আশ্রয় নিয়েছে, তাদের ওপরও পুলিশের নজরদারি রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নিয়াজ।
তিনি জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে।



