খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মহানগরীর ফারাজীপাড়ায় অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। বৃষ্টির কারণে আগুন ছড়াতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার দিকে কার্যালয়টি লক্ষ্য করে একটি পেট্রলবোমা ছোড়া হয়। বৃষ্টি থাকায় আগুন বেশিদূর ছড়ায়নি; কিছুক্ষণ জ্বলার পর নিজে থেকেই নিভে যায়। হামলায় কতজন অংশ নিয়েছিল, তা স্থানীয়রা নিশ্চিত করে বলতে পারেননি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, “ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।“



