গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ এর জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) হালিমা খাতুন স্বাক্ষরিত একটি আবেদন গাজীপুরের জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসের চারটি কেন্দ্রীয় কারাগারে বর্তমানে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর প্রতিষ্ঠান হওয়ায় এর নিরাপত্তা জোরদার করা জরুরি বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ করা হয়, বুধবারই গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই কারা ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং টহল বাড়াতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
এ বিষয়ে কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠির পর কারা কর্তৃপক্ষ নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে এবং বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থাকে নিরাপত্তার কাজে সহযোগিতার জন্য আবেদন করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “জেলায় বিজিবি, এসআরবি ও আনসারের ৩২ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। কারা কর্তৃপক্ষের আবেদনের পর জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।“



