Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্যালকুলেটর ছাড়াই আঙুলের টোকায় লাখ টাকার হিসাব করেন রিপন

৩০ বছর ধরে এভাবেই আঙুলের টোকায় হিসাব করে আসছেন তিনি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:০২ এএম

হাতে নেই কোনো ক্যালকুলেটর, সামনে নেই কম্পিউটার কিংবা ল্যাপটপ। অথচ টেবিলের ওপর আঙুলের টোকায় কয়েক সেকেন্ডের মধ্যেই লাখ লাখ টাকার পণ্যের হিসাব করে ফেলেন গাজীপুরের শ্রীপুর পৌরশহরের মুদি ব্যবসায়ী রিপন সরকার। তার এই ব্যতিক্রমী দক্ষতা দেখতে অনেকেই ভিড় করেন দোকানে।

প্রায় ৩০ বছর ধরে এভাবেই হিসাব করে আসছেন রিপন। দীর্ঘদিনের এই অভ্যাস ও দ্রুত গণনা করার ক্ষমতা তাকে স্থানীয়ভাবে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। পাশাপাশি ক্রেতাদের কাছেও তৈরি হয়েছে তার হিসাবের প্রতি আস্থা।

শ্রীপুর পৌরশহরের প্রধান সড়কে অবস্থিত “মেসার্স রিপন এন্টারপ্রাইজ” এর স্বত্বাধিকারী তিনি। প্রতিদিন তার দোকানে পাইকারি পণ্য কিনতে আসেন অসংখ্য ক্রেতা। দোকানের কর্মীরা পণ্যের নাম ও দাম খাতায় লিখে রাখেন। এরপর মোট হিসাবের সময় টেবিলের ওপর আঙুল ঠুকেই কয়েক মুহূর্তে হিসাব মিলিয়ে দেন রিপন।

নিজের এই ব্যতিক্রমী হিসাব পদ্ধতি সম্পর্কে রিপন সরকার জানান, এটি তার নিজস্ব উদ্ভাবিত একটি অভ্যাস। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা অন্য কারও কাছ থেকে প্রশিক্ষণ না নিয়েই নিজের বুদ্ধিমত্তা ও অনুশীলনের মাধ্যমে গত ৩০ বছরের বেশি সময় ধরে তিনি এভাবে হিসাব করে আসছেন।

তার হিসাবের পদ্ধতির সঙ্গে প্রাচীন গণনাযন্ত্র “অ্যাবাকাসের” কিছুটা মিল থাকলেও রিপন জানান, তিনি কখনো অ্যাবাকাস দেখেননি কিংবা এর গণনার সূত্র সম্পর্কেও জানেন না। তার এই দক্ষতা দেখতে বর্তমানে অনেক শিক্ষক ও কৌতূহলী মানুষও দোকানে আসেন।

দোকানের পাইকারি ক্রেতা থেকে শুরু করে বিক্রয়কর্মী সবার কাছেই রিপনের দ্রুত হিসাব করার ক্ষমতা বিস্ময়ের বিষয়। এক নারী ক্রেতা জানান, ক্যালকুলেটরেও অনেক সময় ভুল হতে পারে। তবে রিপনের আঙুলের হিসাবে তিনি এখন পর্যন্ত কোনো ভুল দেখেননি।

আরেক ব্যবসায়ী ক্রেতা জানান, প্রথমবার রিপনের হিসাব করার কৌশল দেখে তিনি অবাক হয়েছিলেন। ক্যালকুলেটর ছাড়া এত দ্রুত কীভাবে নিখুঁত হিসাব করা সম্ভব, তা তার কাছে রহস্যময় মনে হয়েছিল। তবে বিভিন্ন সময় পণ্য কিনে বাড়িতে গিয়ে হিসাব মিলিয়ে কখনো ভুল পাননি বলে জানান তিনি।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে রিপন সরকার বলেন, “ক্যালকুলেটর ব্যবহার করতে গেলে সময় ও ঝামেলা লাগে। তাই চোখের পলকে হাত দিয়েই নিখুঁতভাবে হিসাব নামিয়ে ফেলি। আজও কোনো ব্যবসায়ী আমার হিসাবে ভুল ধরতে পারেননি।”

রিপনের স্ত্রী ঝুমা সরকার জানান, বিয়ের পর থেকেই স্বামীর এমন ব্যতিক্রমী দক্ষতা দেখে তিনি মুগ্ধ। তিনি নিজে ব্যবসার কাজে ক্যালকুলেটর ব্যবহার করলেও স্বামীকে কখনো সেটি ব্যবহার করতে দেখেননি। তার মতে, এটি সৃষ্টিকর্তার বিশেষ দান।

দীর্ঘদিনের অভ্যাস থেকে গড়ে ওঠা রিপন সরকারের এই ব্যতিক্রমী হিসাব করার দক্ষতা এখন শ্রীপুরের মানুষের কাছে কৌতূহল ও বিস্ময়ের এক বিশেষ বিষয় হয়ে উঠেছে।

   

About

Popular Links

x