গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফ্লাইওভারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা থেকে বিএনপির কয়েকজন নেতাকর্মী ও সমর্থক অস্থায়ী কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। রাত সোয়া ৭টার দিকে কার্যালয়ের সামনে হঠাৎ পরপর দুটি বিকট শব্দ হয়। এতে আতঙ্কিত হয়ে দ্রুত সেখান থেকে সরে যান তারা।
ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মণ্ডল বলেন, “ফ্লাইওভারের ওপর থেকে বিএনপির কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়।”
তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, “সেখানে ককটেলসদৃশ বিস্ফোরক বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।”
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
এদিকে বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ধাপেরহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মণ্ডল, গাইবান্ধা জেলা ওলামা দলের সদস্যসচিব কাজী আমজাদ আলী এবং বিএনপি নেতা ও ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন।



