ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনে স্টেশন মাস্টারের কক্ষ লক্ষ্য করে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কক্ষে থাকা স্টেশন মাস্টারসহ তিন রেলকর্মী।
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই স্থানীয় বারোবাজার পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বারোবাজার রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনি দেবদাস জানান, রাত ৩টার দিকে একটি মালবাহী ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর তারা অফিস কক্ষে অবস্থান করছিলেন। স্টেশনে নিরাপত্তাকর্মী না থাকা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় কক্ষের দরজা বন্ধ করে ভেতরে ছিলেন তারা। এ সময় কয়েকজন যুবক এসে কক্ষের দরজা লক্ষ্য করে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, দরজার ছিদ্র দিয়ে হামলাকারীদের যতটুকু দেখা গেছে, তাদের পরনে গেঞ্জি ছিল এবং মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তবে হামলাকারীরা কোনো ধরনের স্লোগান দেয়নি। বিস্ফোরণের পরপরই স্থানীয় বারোবাজার পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করেছেন বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। তিনি দাবি করেন, রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের একজন সাবেক চেয়ারম্যান বারোবাজারের একটি দোকানে বসে হুমকিসূচক ফাঁকা আওয়াজ করে চলে যান। তার ধারণা, ওই ব্যক্তির নির্দেশেই এ ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে কোনো প্রমাণের কথা তিনি উল্লেখ করেননি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, “খবর পেয়ে বারোবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”



