সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
একইসঙ্গে আগামী ২০ নভেম্বরের পর প্রক্টর অফিসের দেওয়া নিরাপত্তা স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল করতে পারবে না।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও জনসংযোগ দপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ২০ নভেম্বরের পর প্রক্টর অফিসের দেওয়া স্টিকার ছাড়া মোটরসাইকেল প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এজন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রক্টর অফিস থেকে নিরাপত্তা স্টিকার সংগ্রহ করতে হবে। স্টিকার পেতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ অফিস-প্রধানের সুপারিশসহ প্রক্টরের কাছে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।



ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ২