Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরীক্ষার ফলাফল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “এ বছর পরীক্ষায় পাসের হার ৫২%। ফলাফল মোটেও ভালো হয়নি। বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত ভর্তি পরীক্ষা নিতে পারে। উপাচার্যদের সঙ্গে বৈঠক করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম ২৩ নভেম্বর শেষ হবে। ওই দিন পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়সীমা নিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ২৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তারাও যেন আবেদনের সুযোগ পান, সে জন্য সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাবেন তিনি।”

দেশে উচ্চশিক্ষায় আসনসংকট হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ১৫ লাখ আসন ভর্তির জন্য ফাঁকা রয়েছে। অন্যদিকে, সব মিলিয়ে শিক্ষার্থী হবে প্রায় ৬ লাখ। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ কিংবা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।” তিনি চান, সেশনজটের বিষয়টি সমন্বয় করে বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত ভর্তি কার্যক্রম এগিয়ে নিয়ে যাক।

শিক্ষামন্ত্রী আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল কলেজগুলোকে পুনর্নিরীক্ষণের ফলের জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে না। কারণ, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আসন ফাঁকা রয়েছে। যেসব শিক্ষার্থী সেখানে ভর্তি হতে চাইবে, তাদের জন্য সুযোগ রয়েছে।”  

নিজের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় কয়েকটি ক্ষেত্রে পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়মের ঘটনা পেয়েছিলেন তিনি। কিছু ক্ষেত্রে খাতা পরিবর্তন এবং নম্বর নির্ধারণে অসংগতি ছিল। কয়েকজনকে হাতেনাতে ধরলেও তখন প্রচলিত ১৯৮০ সালের আইনে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা ছিল না। ফলে আইনি সীমাবদ্ধতার কারণে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এবার জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে ২০২৬ সালের নতুন আইন পাস করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। নতুন আইনে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে। এবারের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে প্রায় ৪৫,০০০ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় ৫,০০০ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া ৩,০৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় রয়েছেন তিনি। তার বিশ্বাস, এবার আরও অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে। এসব শিক্ষার্থী যাতে এ বছরই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পায়, তা নিশ্চিত করতে চান তিনি।

বিশ্ববিদ্যালয়ের সেশনজট প্রসঙ্গে নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েই জীবনের সবচেয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। চার বছরের কোর্স শেষ করতে তার আট বছরের বেশি সময় লেগেছিল। ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে প্রত্যাশা করেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “চার বছরের কোর্স চার বছরেই এবং পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ করতে হবে। এর বেশি সময় লাগলে সেটি প্রশাসনের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে।”

   

About

Popular Links

x