পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রতিবেশী জেলা গোপালগঞ্জ থেকে পিকআপ-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে মিছিল নিয়ে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব তাণ্ডব চালিয়েছেন।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে পিরোজপুরের নাজিরপুরের ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার। ওই এলাকা থেকে প্রায় সাড়ে তিনশ জনের একটি দল বিভিন্ন যানবাহনে করে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে এসে পৌঁছায়।
প্রথমে তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন, যার ফলে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। এরপর তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন।
একই দলের সদস্যরা মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালান। ওই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র (চেয়ার-টেবিল) বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়ের টিনের বেড়া ও অংশবিশেষ কুপিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত জানিয়েছেন, এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, সোমবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



