Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির সুনির্দিষ্ট অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন?”

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের সতর্ক করে হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, ‌‌‘‘চর দখল করা, মহিষের ঘাস বিক্রি থেকে শুরু করে বিভিন্ন অনিয়মের সঙ্গে দলের কেউ কেউ জড়িয়ে পড়ছেন। মুখে এসব কাজের কথা অস্বীকার করা হলেও বাস্তবে অনেকে এমন কর্মকাণ্ড করছেন। এখন নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে, তারা এসব অবৈধ কাজ করবেন কি না ‘’

অন্যের জমি, নদী, খাল ও বিভিন্ন জায়গা দখল, চাঁদাবাজি এবং থানায় দালালি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি জানান, দলের নেতাকর্মীদের একটি অংশ নিজেদের ব্যক্তিগত লাভের চেষ্টা চালাচ্ছেন। এসব অনৈতিক কর্মকাণ্ড থেকে অবিলম্বে সবাইকে বিরত থাকার নির্দেশ দেন তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে হুইপ বলেন, “আমি ২৪ ঘণ্টার মধ্যে ১৬ থেকে ১৮ ঘণ্টা রাজনীতি করি। নিজাম ঘুষ খায়, এমন কথা জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন কিংবা আওয়ামী লীগের কেউ কি বলতে পেরেছে? যদি আমার বিরুদ্ধে এমন অভিযোগ না থাকে, তাহলে আমার নেতাকর্মীরা কেন এসব অনিয়ম করবে?”

গত ৫ আগস্টের পর থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন জানিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন। নেতাকর্মীদের একটি অংশকে নিয়ন্ত্রণ করতে না পারার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি কেন আপনাদের সঙ্গে খারাপ আচরণ করব, কেন রাগ করব, কেন দল থেকে বহিষ্কার করব? আমি দল থেকে বহিষ্কার করেও কাউকে থামাতে পারিনি। এখন কি তাদের জেলে দেব?”

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, সবাই চেয়ারম্যান হতে চাইলে হবে না। প্রার্থী হতে হলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও পরিচিতি থাকতে হবে এবং সাধারণ মানুষকে নেতা হিসেবে মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে। পরিশেষে, ব্যক্তিগত স্বার্থ ও পদ-পদবির আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং জনসমর্থন ও মানুষের আস্থা অর্জনের ওপর জোর দেন তিনি।

   

About

Popular Links

x