Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু 

এর আগে, অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বিআইডব্লিউটিসি মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ৭ ঘণ্টা বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট থেকে ১৭টি যানবাহন নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় গৌরী নামের একটি ফেরি। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ফেরিও যানবাহন নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

জানা গেছে, বিআইডব্লিউটিসির মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সংস্থাটির চেয়ারম্যানের আলোচনায় শর্তসাপেক্ষ আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

তবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবারের মধ্যে আটক মাস্টার মোশাররফ হোসেনসহ আরও একজন কর্মচারী জামিনে মুক্তি না পেলে রবিবার থেকে আবারও লাগাতার ধর্মঘট শুরু হবে। 

গত শুক্রবার সকালে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে বালুভর্তি একটি বাল্কহেডের সঙ্গে ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা তরিকুল ইসলাম নামের আট বছর বয়সী এক শিশু নিহত হয় এবং আরও দুই শিশু আহত হয়। এ ঘটনায় দুর্ঘটনার জন্য দায়ী বাল্কহেডটি জব্দ করা হয়। পাশাপাশি বিআইডব্লিউটিসির মাস্টার মোশাররফ হোসেনসহ তিনজনকে আটক করা হয়। 

এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বিআইডব্লিউটিসি মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফলে বন্ধ হয়ে যায় এই নৌরুটের ফেরি চলাচল। 

বিআইডব্লিউটিসি মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রব জানান, তাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ায় আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আটক কর্মীদের জামিনে মুক্তি না দিলে পুনরায় ধর্মঘটের কর্মসূচি দেওয়া হবে। 

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ঘাট ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ধর্মঘট প্রত্যাহারের পর ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে। 

   

About

Popular Links

x